৫ মে ২০১৩ - ১৯:৩০
সিরিয়া উপকূলে আরো যুদ্ধ জাহাজ পাঠাবে রাশিয়া

ইসরাইলি হামলার পরিপ্রেক্ষিতে সিরিয়া উপকূলে সামরিক শক্তি বাড়ানোর চিন্তা করছে রাশিয়া।

বার্তা সংস্থা আবনা : ইসরাইলি হামলার পরিপ্রেক্ষিতে সিরিয়া উপকূলে সামরিক শক্তি বাড়ানোর চিন্তা করছে রাশিয়া। কৃষ্ণ সাগরে মোতায়েন রুশ যুদ্ধ জাহাজগুলোকে সেখান থেকে সরিয়ে সিরিয়ার তারতুস বন্দরে আনা হতে পারে বলে খবর দিয়েছে ইরানের মেহের নিউজ। তারতুস বন্দরকে নৌ ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে রাশিয়া।

এদিকে, রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় ইসরাইলি হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইসরাইল, আমেরিকা ও তাদের মিত্র দেশগুলো সিরিয়ার বর্তমান সরকারকে উতখাতের জন্য সব ধরনের সহিংসতা উস্কে দিলেও রাশিয়া ও ইরানসহ কয়েকটি দেশ এর বিরোধিতা করে আসছে। সিরিয়ায় যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে এর আগে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।